বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালেই চালু হচ্ছে। এর মাধ্যমে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে সরবরাহের চাপ স্বাভাবিক হবে। আগামী তিন দিনের মধ্যে দেশের চলমান গ্যাস সংকট কেটে যাবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে ফ্রিজিং কার্যক্রম চলছে। এটি শেষ হলে বৃহস্পতিবার বিকেল থেকেই আবার গ্যাস সঞ্চালন শুরু হবে। সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে যেখানে গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ স্বাভাবিক হবে। এরপর আমরা প্রয়োজন অনুযায়ী গ্যাস উত্তোলন করতে পারব।
তিনি বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। এটা বন্ধ হওয়ার আগে পরিস্থিতি যেমন ছিল, দুই-তিন দিনের মধ্যে আবার সেভাবেই স্বাভাবিক হয়ে যাবে।
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। উনি তো অনেক কিছুই করেন। দেশটা ধ্বংস করে দিয়ে গেছে।
















