ঢাকার চারপাশের নৌচলাচল সচল করতে কাজ চলছে

ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে কাজ চলছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ, পর্যটন কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। শুক্রবার বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে পুনর্জীবিত করায় তিনি ডিএসসিসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তিকে উপজীব্য করে নগরবাসীর মনে শহরের প্রতি মমত্ববোধ, ভালোবাসা ও দায়িত্বশীলতা জাগ্রত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকা বাইচ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৬টি নৌকা বাইচের দল এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ এক আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে নৌকা বাইচ দেখতে হাজার হাজার উৎফুল্ল মানুষের সমাগম ঘটে। শত শত নৌকা ও ট্রলারে ভেসে নাগরিকরা পরিবার-পরিজন নিয়ে বুড়িগঙ্গার বুকে উপস্থিত হন। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস ও শত শত নৌকার উজ্জ্বল উপস্থিতিতে বুড়িগঙ্গা নদী রূপ নেয় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক আনন্দের এক মহা মিলনমেলায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটি একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে, আর সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে। তিনি জানান, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‌্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। এছাড়া কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষায় ও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম পুরস্কার লাভ করে ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদের দল, দ্বিতীয় স্থান অধিকার করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box