বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে

স্টাফ রিপোর্টার :

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা বেঁচে থাকতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস হবে না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বক্তব্য দেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এই জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, কিন্তু প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ এটি ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্ট। পৃথিবীর ইতিহাসে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করে ৩৬ জুলাই বলা হয়েছে। আর কোনো দেশে ৩২, ৩৩, ৩৪, ৩৫ কিংবা ৩৬ তারিখ নেই। এটি শুধু বাংলাদেশে হয়েছে। ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্ত ও জীবনের বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। এই জুলাই বিশাল আকাঙ্ক্ষা নিয়ে জাতির সামনে এসেছিল। অতীতের পাহাড়সম অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসানের দাবি নিয়ে তরুণেরা রাস্তায় নেমেছিল।
জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা তুলে ধরে জামায়াতের আমির বলেন, যারা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল, তাদের সবাই সরকারি চাকরি পাওয়ার জন্য আসেনি। সর্বোচ্চ সরকারি চাকরিজীবীর সংখ্যা ২১ লাখ। অথচ ওই সময় আন্দোলনে ছিল চার কোটি তরুণ-যুবক। সবাই কি তাহলে চাকরি পেত? এমনকি অনেক যুবকের লেখাপড়াও শেষ হয়নি, সরকারি চাকরি পাওয়ার বয়সও অতিক্রম হয়ে গেছে। তাদের জিজ্ঞেস করা হয়েছে, তারা কেন আন্দোলনে এসেছেন। তারা বলেছেন, ‘আমি কোটা সংস্কার আন্দোলনে আসিনি, আমি এসেছি রাষ্ট্র সংস্কার আন্দোলনে। আমি পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চাই।
তিনি বলেন, সেই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায়বিচার চাই। এটি বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার, চাকরির অধিকার ও ব্যবসার অধিকার। মানুষের যত ধরনের মৌলিক অধিকার আছে, সব ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে আচরণ করবে, এটি আমরা নিশ্চিত করতে চাই।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ আমরা সবাই সেই আন্দোলনে ছিলাম। সবাই তখন বলেছিলাম, আমরাও তা চাই। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ও এগিয়ে যাওয়ার পরিকল্পনা জাতির সামনে পেশ করেছি। বর্তমান সরকারি দলও এর আগে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। তারাও নির্বাচনী ইশতেহারে এসব বিষয় বলেছে।
তিনি বলেন, জন-আকাঙ্ক্ষা ও বিপ্লবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ২০২৪ সালের ৫ আগস্টের রক্তের প্রতি সম্মান দেখিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেখানে মাসের পর মাস ৩৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কোনো মৌলিক বা বড় দল বাদ পড়েনি। সেখান থেকে জুলাই সনদ রচিত হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি সরকার গঠনের জন্য, আরেকটি রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের জন্য। বর্তমান সরকারি দল একটি মেনেছে, আরেকটি মানেনি। সংকট তারাই তৈরি করেছে।
জামায়াতের আমির বলেন, জাতির সামনে স্পষ্ট ওয়াদা দিয়ে তারা তা লঙ্ঘন করেছে, প্রতারণা করেছে। আমরা বারবার বলে আসছি, এই প্রতারণা আমরা মানব না, জাতিও মানবে না। আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের পূরণ করতেই হবে। আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে বলেছি, ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় করেই ছাড়ব। এই দাবি কখনো পরিত্যক্ত হতে বা হারিয়ে যেতে দেবো না।
তিনি আরও বলেন, চার দিন আগে সংসদে বলেছি, সরকারি দলের একজন প্রবীণ সদস্য একটি জনসভায় বলেছেন, আগে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত ফ্যাসিস্ট দলের নেতারা। আর এখন নিয়ন্ত্রণ করেন আমার দলের নেতারা। অকপটে স্বীকার করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে দখল করা হচ্ছে। জোর করে সেখানে প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক বসানো হচ্ছে। যাদের অনেকেরই এসব দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা নেই। একটাই যোগ্যতা, তারা দলের নেতাকে তেল দিতে পারেন। তাদের হাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে, এরা আগামীর বাংলাদেশ গড়ে দেবে, এটা কল্পনা করারও অবকাশ নেই। যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রমের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই বিভাগের কাজের সফলতা তখনই আসবে, যখন ধ্বংসের মুখোমুখি দাঁড়ানো যুবসমাজকে রক্ষার জন্য দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করা হবে। যারা বিপথগামী হয়েছে, তাদের বুকে টেনে নিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। বিপথগামীদের সুপথে আনতে পারলেই এই বিভাগ গঠন ও এর কার্যক্রম সার্থক হবে। তিনি বলেন, শুধু জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট লোকদের দেখভাল করলে হবে না। নিজেদের চরিত্র ও চিন্তার পাহারাদারি করার পাশাপাশি সমাজকে ধারণ করতে হবে। সমাজের যুবসমাজকেও কল্যাণের পথে, ন্যায়ের পথে ও আল্লাহর দ্বীনের পথে যুক্ত করতে হবে।

Facebook Comments Box