শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার।
শেখ হাসিনাকে ধরে আনতে চাই উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তিনি শুধু অভিযুক্ত নন, তিনি দন্ডপ্রাপ্ত। সে কারণে অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী। তিনি বলেন, হাসিনাকে কী প্রক্রিয়াতে দেশে আনা হবে তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।
শেখ হাসিনার পাসপোর্ট প্রদান কিংবা ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, একটি ল’ ফার্ম থেকে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। ফলে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।
ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত সরকারের পক্ষ থেকেও অতীতে বলা হয়েছে এতে আইনি জটিলতা রয়েছে। তবে বাস্তবতা হলো, শেখ হাসিনা নিজে যেখানে বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন, সেখানে আইনি জটিলতা বা কোর্টের দীর্ঘসূত্রতার প্রশ্ন আসে না। ভারত সরকারের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান রয়েছে। সেই চুক্তির আওতেই আনুষ্ঠানিক চ্যানেলে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও নিয়ম মেনে চলাই সরকারের মূল লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত উপায়ে নয়, বরং আইনি প্রসেস মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে।
জাহেদ উর রহমান আরও বলেন, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে। উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে যেকোনও সময়ের তুলনায় বর্তমানে সরকারের খাদ্য মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। এরই মধ্যে এ জন্য ৩০০ জন শ্রমিককে বাছাই করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
















