মালিকপক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিকপক্ষের

ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো। এ লক্ষ্যে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভাও চলছে। তবে তিনটি সভা পেরিয়েও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মজুরি নিয়ে ঐকমত্য তৈরি হয়নি। মালিকপক্ষের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শ্রমিকপক্ষ। অন্যদিকে, প্রস্তাবের সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করতে রাজি নয় বোর্ড। এমন পরিস্থিতিতে একদিকে চলছে মজুরি নিয়ে দরকষাকষি, অন্যদিকে বিভিন্ন শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষ।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। তবে প্রস্তাবের পরিমাণ প্রকাশ করা হয়নি। সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষ গ্রহণ করেনি। এ নিয়ে আরও আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মালিকপক্ষ নিম্নতম মজুরি ১৫ হাজার টাকার কাছাকাছি প্রস্তাব করেছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ থেকে ২২-২৫ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে জানা যায়।

এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ বলেন, ‘মালিকরা ১৪ হাজারের বেশি প্রস্তাব করেছে। তবে সভা শেষ হওয়ার আগে মালিকদের প্রস্তাব প্রকাশ করলে বিভ্রান্তি তৈরি হতে পারে। সিদ্ধান্ত হলে বিষয়টি জানানো হবে।’

মঙ্গলবারের মধ্যেই একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আজ রাত পর্যন্ত আলোচনা চলতে পারে। প্রয়োজনে পরদিনও আলোচনা হবে। এবং কালকের মধ্যেই চূড়ান্ত হবে।’

বোর্ড চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম মাত্র তিনটি সভার মাধ্যমে নতুন মজুরির বিষয়টি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শ্রমিক-কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দাবি-দাওয়া বিবেচনা করা হবে।’

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, মালিকপক্ষের প্রস্তাব তাদের দাবির তুলনায় অনেক কম। তিনি বলেন, ‘মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, তা আমাদের দাবির চেয়ে অনেক কম। তাই আমরা সেটা গ্রহণ করিনি। তবে শিল্পের স্বার্থে আমরাও দরকার হলে আমাদের দাবি থেকে কিছুটা নিচে নামব। এরপর আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।’ একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ শিক্ষানবিশ পদে সর্বনিম্ন ৩০ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। বিজিএমইএর পক্ষ থেকে ১৬ নভেম্বরের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানানো হলেও পরে সভাটি স্থগিত করা হয়। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছিলেন বোর্ডের চেয়ারম্যান।

সভা স্থগিত হওয়ার পর শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা দেখা দেয়। সোমবার মজুরি বোর্ডের বৈঠক চলার সময়ও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ একাধিক সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। একপর্যায়ে কয়েকজন আন্দোলনকারী ভবনে ঢুকে ১৩ তলায় বোর্ড চেয়ারম্যানের সভাকক্ষের সামনে স্লোগান দেন।

শুধু ঢাকায় নয়, সোমবার গাজীপুরের শ্রীপুর ও ঢাকার আশুলিয়াতেও বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় সকাল সোয়া ৯টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ৩৩টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগের দিন রবিবার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, তাদের আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা ১ হাজার ৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি। এসব কারখানার ৪৭০টি রপ্তানিমুখী।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণার পর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা গেলেও মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের অবস্থানের ব্যবধান এখনো কাটেনি।

Facebook Comments Box