দোকান দখল নিয়ে সংঘর্ষে আ.লীগ কর্মী নিহত

বগুড়ার শিবগঞ্জে দোকান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে বজলুর রশিদ বুলু (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন, অন্তত পাঁচজন। রোববার বিকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনি বিন্নারচাপর এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তির পর রাতে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তবে মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বজলুর রশিদ বুলু বগুড়া শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনি বিন্নারপাড়ার আজগর আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। খেউনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোকান ঘর নিয়ে স্থানীয় ইন্তাজ ও বাদশা মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে রোববার বেলা ৩টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাদশা গ্রুপের বজলুর রশিদ বুলুসহ ৫-৬ জন আহত হন। তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে রাতে বুলু মারা যান।

মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আহত বাদশা মিয়া জানান, ইন্তাজ, মুক্তার ও শহিদুলসহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে তাদের সংগঠনের বজলুর রশিদ বুলু মারা গেছেন। আহত হয়েছেন, তার ভাই মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাতুল ইসলাম দুদু, মাইদুল ইসলাম, নিহতের ছেলে মিনহাজসহ ৪-৫ জন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বজলুর রশিদ বুলু নামে একজন মারা গেছেন। আহত ৩-৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে থানায় আনা হয়েছে।

Facebook Comments Box