নিজস্ব প্রতিবেদক
এবার বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে হজে যেতে সর্বনিম্ম খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। এমনটাই জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এসময় হাবের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, হজের এই প্যাকেজের বাইরে থাকবে কোরবানি। কোরবানির জন্য আলাদা করে ৮১০ রিয়াল সমপরিমাণ অর্থ দিতে হবে। এবার ২০২০ সালের তুলনায় ২০২২ সালে হজ প্যাকেজ খরচ বাড়ানো হয়েছে। এর প্রধান কারণ হিসেবে বাড়ি ভাড়া ও বিমানের ভাড়া বৃদ্ধির কতা বলা হয়েছে। হজে যারা যাবেন তাদেরকে আগামী ১৮ মের মধ্যে এজেন্সির অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে রশিদ নিতে হবে। হজ যাত্রীদের সবার ২০২৩ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।
বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ‘সাধারণ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ করা হয়েছে জানিয়ে হাবের সভাপতি আরো বলেন, এছাড়াও প্রত্যেক এজেন্সি নিজ নিজ স্পেশাল প্যাকেজ করতে পারবে। তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনিম্ম প্যাকেজ মূল্য থেকে কম হবে না। ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রীদের পরিবহনের জোর দাবি জানিয়ে তিনি বলেন, ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা না গেলে ঢাকায় হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন করা সম্ভব নয়।
প্যাকেজের মূল্য পরিশোধের পর হজযাত্রীদের নিবন্ধন, আন্তঃএজেন্সি সমন্বয়, মোনাজ্জেম নির্ধারণ, ভিসা- এসব কাজ এখনো বাকি আছে। ৩১ মে হজ ফ্লাইট দিলে ঝুঁকি হয়ে যাবে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছি। আমরা আগামী ১০ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার জন্য পরামর্শ দিয়েছি। সংবাদ সমম্মেলনে আরো জানানো হয়, হজযাত্রীদের প্যাকেজের পুরো টাকা আগামী ১৮ মে’র মধ্যে নিজ নিজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। এক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীর হাতে টাকা দিয়ে প্রতারিত না হওয়ার অনুরোধ জানানো হয়।
তিনি বলেন, সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার এক হাজার থেকে এক হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে সৌদি আরব প্রান্তের অতিরিক্ত সার্ভিস চার্জের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি জানিয়ে তসলিম বলেন, প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজের মূল্য হিসেবে গণ্য হবে এবং তা হজযাত্রীকে পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে উল্লেখ করে এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
















