অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে বাধা দেওয়ায় হাবিব মিয়াকে (১৪) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার কথা স্বীকার করেছে তারা। সোমবার দুপুরের দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য জানান।

নিহত হাবিব মিয়া ওরফে দুখু মিয়া (১৪) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার গাছগড়া গ্রামের মো. জাবেদ মিয়ার ছেলে। এ ঘটনায় গ্রেফতার মো. মৃদুল ইসলাম (২১) গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের অহিদ মিয়ার ছেলে। অপরজন আমিরুল ইসলাম (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বোররচর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

নিহতের বাবা মো. জাবেদ মিয়া বলেন, তিনি পরিবার নিয়ে নগরহাওলা গ্রামে সুলতান উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। দুখু মিয়া স্থানীয় মো. ইয়াসিন নামের এক ব্যক্তির কাছ থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়ায় চালাতেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুখু রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর রাত ১০টার দিকে তারা দুখুর মৃত্যুর খবর পান।

তাৎক্ষণিক উপজেলার নগরহাওলা গ্রামের একটি সড়কে গলাকাটা অবস্থায় দুখুর লাশ দেখতে পান। ঘটনাস্থলে লাশ পেলেও তার অটোরিকশাটি সেখানে ছিল না। ধারণা করা হচ্ছিল দুখুকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া কিছু আলামতের সূত্র ধরে প্রথমে মৃদুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমিরুলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশাটিকে উদ্ধার করে পুলিশ।

Facebook Comments Box