প্রতিদিন গ্রাম থেকে দুই হাজার মানুষ ঢাকায় চলে আসছে

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিদিন গ্রাম থেকে প্রায় দুই হাজার মানুষ ঢাকায় চলে আসছে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, ক্রমাগত নিম্ম আয়ের মানুষের সংখ্যা ঢাকা শহরে বাড়ছে ।

শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত নগরে নিম্মবিত্তের আবাসন- বাস্তবতা ও করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

উন্নত দেশের শহরগুলোর মতো ঢাকা শহরে কার্যকর ট্রাফিক ব্যবস্থার জন্য বাস্তব সম্মত গবেষণার এখনই সময় উল্লেখ করে মেয়র আরো বলেন, শহরের কোন রাস্তা একমুখী হবে আর কোন রাস্তা দ্বিমুখী হবে সেটি গবেষণা করে নির্ধারণ করতে হবে। বাস্তব সম্মত গবেষণা করে প্রতিবেশী দেশের শহরে কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে। আমাদেরও গবেষণা করে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

নিম্ম আয়ের মানুষের আবাসন বিষয়ে ডিএনসিসি গুরুত্বারোপ করছে জানিয়ে মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ২৪৯.৪৮ কোটি টাকা ব্যয়ে গাবতলী সিটি পল্লীতে বহুতলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প চলমান আছে যা জুন, ২০২৩ এ সমাপ্ত হবে। উক্ত প্রকল্পের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭৮৪ জন পরিচ্ছন্নতা কর্মীর জন্য ৪টি ১৫ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ এবং একটি স্কুল নির্মাণ কাজ চলমান রয়েছে। তিনি আরো বলেন, “দেশের সকল অভিবাসীদের গন্তব্যস্থান হয়ে গেছে ঢাকা শহর। যুগ যুগ ধরে এই ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে।

রাজউকের অনুমোদীত নকশা অনুযায়ী হাউজিং সোসাইটিগুলো তাদের আবাসন প্রকল্প সম্পন্ন করছে না। আমি রাজউকসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে অনুরোধ করছি অপরিকল্পিতভাবে যেন আর আবাসন প্রকল্প গড়ে না উঠে সেটি তদারকি করতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জাব্বার খান এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সচিব মামুন আল রশীদ।

সেমিনারে উপস্থাপিত গবেষণার ওপর আলোচনা করেন রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা। অনুষ্ঠানে অন্যান্যের সাথে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম এবং প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম।

Facebook Comments Box