বাড়ি ফেরার সময় এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা

বগুড়ায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় পথরোধ করে মোহন (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শহরের খান্দার এলাকায় ছুরিকাঘাতের পর সোমবার মধ্যরাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

নিহত মোহন বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা কানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, মোহন সোমবার রাতে বন্ধু বাপ্পী ও লিখনের সঙ্গে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে তিনি বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ফুলতলার বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তারা শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। বাকবিতণ্ডার একপর্যায়ে তিনজনকে লাঠিপেটা করে মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়।

দুই বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলে দুর্বৃত্তরা মোহনের কোমরের নিচে, উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত মোহনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত ১২টার দিকে তিনি মারা যান।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই শামীম জানান, মোহনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার আহত দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পূর্ব কোনো বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানাতে ও ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box