বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী, এই অন্তর্বতীকালীন সরকার যার নেতৃত্বে আছেন প্রফেসর মুহাম্মদ ইউনুস… তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা দেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারসমূহ পুরণ করবেন বলে আমরা মনে করি।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয় তার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এই বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
প্রধান উপদেষ্টার সাথে সোয়া এক ঘন্টা বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ তিন নেতা।
বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা‘র বাইরে অপেক্ষামান সাংবাদিকদের মির্জা ফখরুল আলোচনার বিষয়বস্তু খোলাসা করে না বলেলেও বৈঠকে ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন।
বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। আমরা প্রায় সোয়া এক ঘন্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এক প্রশ্নে জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে।’
নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি। আমরা কোনো তারিখ বলব না। এটা উনারা বলবেন।’
বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ছিলেন।
অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনা প্রথম বৈঠক করেন।
















