ঢাকায় সর্বনিম্ন ৫ টাকা বাড়তি নিতে চায় গণপরিবহনগুলো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সড়কে এখনো পুরোপুরি কার্যকর হয়নি নতুন হার।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এবং পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার থেকে নির্দিষ্ট দূরত্বে সর্বনিম্ন পাঁচ টাকা ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছে কিছু কিছু পরিবহন।

শুক্রবার সকালে কালশী থেকে রাজধানী বাসে ওঠেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরমান হোসেন। তিনি যমুনা ফিউচার পার্ক যেতে ২০ টাকা ভাড়া দেন। বাসের কন্ডাক্টর তাকে জানান, পরদিন থেকে ভাড়া পাঁচ টাকা বাড়ানো হতে পারে। সে অনুযায়ী কালশী থেকে যমুনা ফিউচার পার্ক ভাড়া দাঁড়াবে ২৫ টাকা।

এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আরমান হোসেন বলেন, ‘সরকার যেখানে প্রতি কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে, সেখানে নির্দিষ্ট রুটে পাঁচ টাকা বাড়ানোর চেষ্টা অযৌক্তিক।’

অন্যদিকে, পল্লবী থেকে শ্যামলী রুটে চলাচলকারী কয়েকটি বাসের কন্ডাক্টর জানিয়েছেন, তারা এখনো আগের ভাড়াই নিচ্ছেন।

প্রজাপতি পরিবহনের কন্ডাক্টর সজীব বলেন, ‘নতুন কোনো ভাড়ার তালিকা পাইনি। আগের তালিকা অনুযায়ী ভাড়া নিচ্ছি। কত বাড়বে সেটাও জানি না।’

মতিঝিল, গুলিস্তান ও উত্তরার বিভিন্ন রুটের বাসচালক ও শ্রমিকরাও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তারা জানান, এখনো বর্ধিত ভাড়া তারা কার্যকর করেননি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরে ভাড়া বাড়ানো হতে পারে, যা পাঁচ টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করছেন তারা।

শিকড় বাসের এক চালক বলেন, ‘আমরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিই না। কিন্তু ভাড়া বাড়ানোর পর হট্টগোল শুরু করেন কিছু যাত্রী। এসময় বাস চালানো কঠিন।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। নতুন নির্ধারিত হার অনুযায়ী, মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তজেলা বাসে তা দুই টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ২৩ পয়সা।

এছাড়া, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় ভাড়া দুই টাকা ৩২ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা বহাল রাখা হয়েছে।

Facebook Comments Box