পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরের খাস জমিতে মহিষ চরানোর বিনিময়ে ২শ’ টাকা করে চাঁদা আদায়ের প্রতিবাদে অভিযুক্ত ছাত্রদল নেতা মাঈন উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শত-শত নারীপুরুষ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উত্তাল তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে ভুক্তভোগী কয়েকশ নারী-পুরুষ বাউফল উপজেলা পরিষদের সামনের সড়কে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদল নেতা মাঈন উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাউফল পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাঈনউদ্দিন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান এলাকায় বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর থেকে তিনি লালচরের খাস জমিতে মহিষ চরানোর অনুমতি দেওয়ার শর্তে প্রতিটি মহিষের বিপরীতে মাসিক ২০০ টাকা করে চাঁদা নেওয়া শুরু করেন। বর্তমানে ওই চরে ৪৭৮টি মহিষ রয়েছে, যার মাধ্যমে প্রতি মাসে প্রায় ৯৫ হাজার ৬০০ টাকা চাঁদা আদায় করে ছাত্রদল নেতা মাঈন উদ্দিন।
মহিষ পালনকারী রেজাউল খাঁন, ইদ্রিস দালাল, আলমগীর হাওলাদার ও সাইফুল শরীফ জানান, অতীতে এই খাস জমিতে সম্পূর্ণ ফ্রিতে ও বিনা বাধায় মহিষ চরিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতি মহিষের জন্য নিয়মিত চাঁদা দিতে গিয়ে প্রান্তিক খামারিদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। টাকা না দিলে চরে মহিষ রাখতে বাধা দেওয়া ও বিভিন্ন ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তারা।
রাজিয়া বেগম ও রোজিনা আক্তার নামের দুই গৃহবধূ বলেন, চরে কষ্টের জীবন কাটানো এসব দরিদ্র পরিবারের পুরুষেরা মহিষ লালন-পালন করেই সংসার চালান। এখন মহিষ চরানোর জন্যও চাঁদা দিতে হলে তাদের না খেয়ে মরার দশা হবে। তারা এই চাঁদাবাজির সুনির্দিষ্ট বিচার দাবি করেন।
















