আগামী ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ৮৪১.৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার নগর ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন। এরআগে ডিএসসিসি পরিচালনা কমিটির ৭ম (সপ্তম) কর্পোরেশন সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়।
বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৩২০.৪৩ কোটি টাকা। পরিচালন ব্যয় ৬৩৫.৩৩ কোটি টাকা, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬.৬৪ কোটি টাকা এবং মোট ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় বাবদ ১৪৬৯.২৪ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। বাজেটের প্রধান খাতসমূহের মধ্যে সড়ক ও ট্রাফিক অবকাঠামো খাতে ৩৬৫.১১ কোটি, খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন খাতে ১১৫.০০ কোটি, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭.২০ কোটি, মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে ৫৭.৪৪ কোটি, বৃক্ষরোপন ও পরিবেশ উন্নয়ন খাতে ৫.২৬ কোটি এবং কল্যাণমূলক খাতে ১৩.৩৯ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে অংশীজনদের সহায়তা চেয়ে বাজেট বক্তব্য প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এটি আমাদের কাছে সম্মানিত করদাতাদের আমানত। উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নগরবাসীর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে ক্ষেত্রমত বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। বাজেট উপস্থাপনকালে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, বাহিরের বাস ঢাকার ভেতরে প্রবেশ না করে ৮ সারির ইনার রিং রোড দিয়ে যাতায়াত করতে পারে সে জন্য বেড়ীবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে। দক্ষিণ বঙ্গের ২১টি জেলার বাস পদ্মা বহুমুখী সেতু হয়ে ঢাকায় এসে উত্তরবঙ্গের জেলাসমূহে যাতায়াত করে উল্লেখ করে প্রশাসক বলেন, এসব বাস যেন ঢাকা শহরের ভেতরে প্রবেশ না করে ৮ সারির ইনার রিং রোড দিয়ে বের হয়ে উত্তর বঙ্গে যাতায়াত করতে পারে সে জন্য বেড়ীবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ঢাকা শহরে নিবন্ধনবিহীন ও ঝুঁকিপূর্ণ রিক্সা নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক নকশাকৃত তিন চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা (ই-রিকশা) প্রবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দক্ষিণ সিটির ধানমন্ডি ও পল্টন এলাকায় চলবে এবং পর্যায়ক্রমে ঢাকা শহরের সব এলাকায় প্রবর্তন করা হবে।















