বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে র‍্যাবের নিষেধাজ্ঞা ইস্যুটি উঠবে

যুক্তরাষ্ট্র হরহামেশাই বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে উঠবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আবদুল মোমেন। শনিবার (১৯ মার্চ) ধানমন্ডিতে গ্যালারি চিত্রক ও চট্টগ্রাম আর্ট ক্লাব আয়োজিত আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আগে বাংলাদেশকে জানাতে পারত, আমরা সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতাম।

তিনি বলেন, কোভিডের কারণে অনেক দেশের সঙ্গে বাংলাদেশের সংলাপ স্থগিত ছিল। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশ সফরে এসেছেন। রোববার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি র‍্যাব নিয়ে একটি ঝামেলা হয়েছে। এ বিষয়টি সংলাপে ছিল না। কিন্তু আমরা এটি যুক্ত করেছি।

আবদুল মোমেন বলেন, র‍্যাব তৈরি হয়েছিল এমন সময় যখন সন্ত্রাস মাথা চাড়া দিয়ে ওঠে। একদিনে ৬৪টি জেলায় বোমা হামলা। বিচারক মেরে ফেলে, কূটনীতিকদের ওপর বোমাবাজি ঘটে। ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। তারপরে র‍্যাব অনেক ভালো কাজ করেছে। কিন্তু সেগুলো বিবেচনায় না নিয়ে নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিঙ্কেন আমাকে আজ একটি চিঠি লিখেছেন। সেখানে অনেক ভালো ভালো কথা লেখা আছে। আমাকে আবারও ওয়াশিংটন ডিসি সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মাসে বাংলাদেশের স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র দেখা হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন।

Facebook Comments Box