শীতে বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। দেশের বেশির ভাগ জেলার ওপর দিয়েই বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তবে উত্তরাঞ্চলসহ আরো কয়েকটি জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে শীতে কাবু হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। আবহাওয়াবিদরা বলছেন, চলমান শৈত্যপ্রবাহ আরো দুই তিন দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নওগাঁর বদলগাছিতে ৭.৩ এবং শ্রীমঙ্গলে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সৈয়দপুরে ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৮.২ ডিগ্রি, দিনাজপুরে ৮.৩ ডিগ্রি, ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি, ডিমলায় ৮.৪ ডিগ্রি, যশোরে ৮.৬ ডিগ্রি, রাজশাহীতে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি, রংপুরে ৯.২ ডিগ্রি, খুলনায় ১০.৮ ডিগ্রি এবং বরিশালে ৯ .৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহের পর্যায়ে পড়ে। ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে তা মাঝারি শৈত্যপ্রবাহ। তবে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তা তীব্র শৈত্যপ্রবাহের পর্যায়ে পড়ে।

আবহাওয়াবিদরা বলেন, চলমান শৈত্যপ্রবাহ আরো দু-তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্মিাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box