স্টাফ রিপোর্টার :
২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে বুধবার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচী পালন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। তারা শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এসময় বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় পরিচালিত, যা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান। ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ৭৫টি বুদ্ধি, অটিজম, শারীরিক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়কে মনিটরিং করে থাকে, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়।
শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের দাবিগুলোর মধ্যে রয়েছে, ২০% বাড়ি ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা করা, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করার দাবি জানিয়ে এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই দাবিগুলো শুধু নির্দিষ্ট মন্ত্রণালয়ের জন্য নয় এমপিওভুক্ত সকল বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।
তারা বলেন, আমরা একই জাতীয় বাজেট কাঠামো থেকে বেতন পাই, একইভাবে এমপিও সুবিধাভোগী। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকরা যে সুযোগ-সুবিধা পান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলো তা থেকে বঞ্চিত। এটি চরম বৈষম্য।

শিক্ষকরা আরও জানান, গত প্রজ্ঞাপনে এমপিওভুক্ত সকল বিদ্যালয়ের শিক্ষকদের উৎসব ভাতা ৫০% করার নির্দেশনা থাকলেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলো এখনো সেই সুবিধা পায়নি। এসময় উপস্থিত ছিলেন, খিলগাঁও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় (সমন্বয়ক) সিনিয়র শিক্ষক সোহেল রানা, সুইড বাংলাদেশ এর উপ-পরিচালক, মীর মোঃ জহিরুল ইসলাম, মালিবাগ কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগম, রমনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ওমর ফারুক ভূঁইয়া, পপি, সুরাইয়া, ফারহানা ও সুইড ল্যাবরেটরি মডেল স্কুলের শিক্ষক মিথিলী ইসলাম। এছাড়া, দেশের বিভিন্ন জেলা ঢাকা জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় থেকে প্রায় অর্ধশত শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
আন্দোলনে শিক্ষকরা আরো বলেন, “প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য আমরা মাঠে কাজ করি, কিন্তু নিজেদের অধিকার থেকে বঞ্চিত। এমপিওভুক্ত সকল বিদ্যালয়ের সমান সুবিধা না দেয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত প্রজ্ঞাপন জারি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের শিক্ষা মন্ত্রণালয়ের সমান সুযোগ-সুবিধা ও ভাতা কাঠামোতে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক, যাতে প্রতিবন্ধী শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক হয়।















