অক্টোবরে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে যেতে না হয়, এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় সরকার।”
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এদিন সকাল ১০টার দিকে নতুন এই ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে দেশে নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াল। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
নতুন এই ভবনটি ১৫ তলা বিশিষ্ট। এর নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। উপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন।
এখানে চিকিৎসা নিতে সবচেয়ে বেশি আসে স্ট্রোকের রোগী। তারপরই রয়েছে দুর্ঘটনার রোগী (মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত)।
















