আবু সিদ্দিক, ভোলা প্রতিনিধি :
নীল আকাশে সাদা মেঘের ভেলা। মেঘনার বিস্তীর্ণ জলরাশির তীরে দুলছে ধবধবে সাদা কাশফুল। মৃদু বাতাসে কাশের শীষের দোল, নদীর ঢেউ আর খোলা আকাশ সব মিলিয়ে ভোলার চরফ্যাশনে প্রকৃতি সেজেছে শরতের অপরূপ সাজে।
চরফ্যাশন উপজেলার বেতুয়া মেঘনা নদীর তীরে কুইন আইল্যান্ড অব ভোলা রেস্টুরেন্টের পাশে পাললিক মৃত্তৃকায় প্রাকৃতিকভাবে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন চোখে পড়ছে কাশফুলের শুভ্র সমারোহ। বর্ষার শেষভাগ পেরিয়ে শরতের আগমনের সঙ্গে সঙ্গে নদীর পাড় ও চরাঞ্চলের বিভিন্ন স্থানে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশবন বদলে দিয়েছে এলাকার চিরচেনা দৃশ্যপট।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন চর ও খোলা প্রান্তরে প্রতিবছর শরৎকালে কাশফুল ফুটে। তবে এ বছর বেতুয়া নদীতীরের কাশফুলের বিস্তৃতি বিশেষভাবে নজর কেড়েছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় ভোলা জেলার প্রকৃতিপ্রেমীদের আনাগোনাও বাড়ছে।
কাশফুলের সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীদের কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ একাই নদীর পাড়ে সময় কাটাচ্ছেন। কাশবনের মধ্যে দাঁড়িয়ে ছবি তোলা, নদীর তীরে বসে বাতাস উপভোগ কিংবা প্রকৃতির নৈসর্গিক দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করছেন অনেকে।
চরফ্যাশনের মেঘনাপাড়ে নদীতীরের এই দৃশ্য শুধু বিনোদনের খোরাকই নয়, স্থানীয়দের কাছে এটি হল শরৎ ঋতুর অন্যতম চেনা বার্তা। বর্ষার মেঘলা আকাশের পর শরতের নীল আকাশ, সাদা মেঘ ও কাশফুলের শুভ্রতা গ্রামবাংলার প্রকৃতিতে এনে দেয় ভিন্ন আবহ।
স্থানীয় কয়েকজন দর্শনার্থী বলেন, ব্যস্ত ও যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তির জন্য তারা নদীর পাড়ে আসেন। খোলা আকাশ, নদীর বাতাস ও চারপাশের কাশফুলের দৃশ্য মনকে প্রশান্ত করে। বিশেষ করে বিকেলের সময় নদীতীরের পরিবেশ আরও মনোরম হয়ে ওঠে।
প্রকৃতিবিদদের মতে, নদীর চর, বালুচর,বালুময় জমিতে পতিত স্বাভাবিকভাবে জন্মানো একটি ঘাসজাতীয় উদ্ভিদ। শরৎকালে এর সাদা ফুল ফুটে বাংলার প্রকৃতিতে স্বতন্ত্র সৌন্দর্য তৈরি করে। নদীবিধৌত চরফ্যাশনের মতো উপকূলীয় এলাকায় নদীর চর ও তীরবর্তী খোলা জমিতে কাশবনের বিস্তার বর্ষা-পরবর্তী প্রাকৃতিক পরিবর্তনেরও একটি দৃশ্যমান অংশ।
বাংলা সাহিত্য ও সংস্কৃতিতেও কাশফুলের রয়েছে বিশেষ তাৎপর্য। শরৎ ও কাশফুল বাঙালির ঋতুচেতনা, শৈশবের স্মৃতি এবং প্রকৃতিপ্রেমের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। ফলে শরৎ এলেই কাশফুলের শুভ্রতা মানুষের মনে আলাদা অনুভূতি তৈরি করে।
চরফ্যাশনের মেঘনা নদীর তীরবর্তী চরাঞ্চলে ছড়িয়ে থাকা এসব কাশবনকে ঘিরে পরিকল্পিতভাবে পর্যটন ও বিনোদনকেন্দ্রিক উদ্যোগ নেওয়া হলে স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে নদীতীরের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করে দর্শনার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে এসব স্থান স্থানীয় পর্যায়ের আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে প্রকৃতির এই সৌন্দর্য টিকিয়ে রাখতে কাশবন ও নদীতীরের পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। দর্শনার্থীদেরও যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং প্রাকৃতিক উদ্ভিদ নষ্ট না করার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
শরতের এই শুভ্রতা অবশ্য ক্ষণস্থায়ী। ঋতু বদলের সঙ্গে কাশফুলও একসময় ঝরে যাবে, বদলে যাবে নদীতীরের দৃশ্যপট। কিন্তু নীল আকাশ, সাদা মেঘ, মেঘনার জলরাশি আর দিগন্তজোড়া কাশফুলের যে মায়াবী দৃশ্য এখন চরফ্যাশনের বেতুয়া নদীতীরে কাশফুলের অপরুপ শোভা প্রকৃতিপ্রেমীদের মনে রেখে যাবে শরতের এক অনন্য স্মৃতি।















