চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন। গত ১৫ বছর সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ দেশে যে হত্যাকান্ড চালিয়েছে তার বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে কোন নির্বাচনের বন্দোবস্ত মেনে নেবে না গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিপ্লবী ছাত্র জনতা। তিনি আজ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষে চরফ্যাশন উপজেলার নিহত শহীদদের ও আহতদের স্মরণে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত চরফ্যাশন কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
সামান্তা শারমিন আরো বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে বৈরিতা নেই। জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে সংস্কার। সংস্কার করবে বলেই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি তিনটি অবৈধ নির্বাচনের পর আর যেন কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগনের সাথে প্রতারণা করা না হয়। নির্বাচন সংশ্লিষ্ট যত গুলো পক্ষ ও প্রতিষ্ঠান আছে তার উল্লেখযোগ্য সংস্কার শেষে নতুন নির্বাচন দিতে হবে। আর তা যদি না হয় তাহলে আমরা মনে করবো এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং নির্বাচনের মধ্য দিয়ে আগের মতো শুধু ক্ষমতার পালা বদল হবে । কিন্তু ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালা বদলের জন্য নয়।
এ সময় জাতীয় নাগরিক পার্টির তেজগাঁও অঞ্চলের প্রধান সমন্বয়কারী সাহাদাত খন্দকার মঞ্জু, হাসান মাহমুদ, লোকমান হোসেন,মোঃ রাসেল,অহিদ ফয়সাল, আমজাদ হাবিবসহ চরফ্যাশনের সকল শহীদ ও আহতদের পরিবারের সদস্য ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন ।















