ঢাকায় দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই, আটক ৩

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম তানভীর আবেদীন জুয়েল (৪১)।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের পর ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে একই চক্রের আরও দুজনকে আটক করা হয়। বাকি দুজনের নাম জানাতে পারেনি পুলিশ। সোমবার দুপুরের দিকে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ নম্বরে একজন কলার ফোন করে জানান, এক ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

পরে ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ছুটতে থাকেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়লে স্থানীয় লোকজন তাকে পিস্তলসহ আটক করেন।

খবর পেয়ে ৯৯৯-এ তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল নামে এক ছিনতাইকারীকে আটক করে।

আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধানমন্ডি থানার আরও কয়েকটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথ অভিযান চালিয়ে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করে।

এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box