আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থী। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

তারা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়ে সংসদ ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে বিকেলে পুনরায় আবার সেখানে জড়ো হয় তারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।

এদিকে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা পেছানো বা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার বিকেলের দিকে সংসদ অধিবেশনের এক ফাঁকে এ বৈঠক শুরু হয়।

Facebook Comments Box