মগবাজারে বিনামূল্যে চিকিৎসাসেবা দিবে ঢাকা উত্তর জামায়াত

স্টাফ রিপোর্টার :

রাজধানীর মগবাজার এলাকার সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের মুখপাত্র আতাউর রহমান সরকার।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন,৩৬ নং ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান,ইউসুফ আলী মোল্লা,হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম,শিবির নেতা সাজ্জাদ হোসেন শিহাব সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আতাউর রহমান সরকার জানান, আজ শুক্রবারের এই মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, চর্মরোগ, চক্ষু, ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের অন্তত ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন। কয়েক হাজার রোগী এ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়াও চোখে ছানি আক্রান্ত রোগীদের সনাক্ত করে অপারেশনের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উন্মুক্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প আজ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box