ঈদযাত্রায় রেলের আয় প্রায় ৭ কোটি

এ বছর ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ঈদযাত্রায় ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৫ দিনে সারা দেশে বাংলাদেশ রেলওয়ের আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা।

রবিবার (৩০ এপ্রিল) রেল ভবনে ঈদ পরবর্তী রেল ব্যবস্থাপনা সংক্রান্ত মূল্যায়ন সভায় এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

ঈদের যাত্রী পরিবহন ও আয়ের চিত্র তুলে ধরে সরদার সাহাদাত আলী বলেন, ‘এই বছর ঈদুল ফিতরের অগ্রিম ঈদযাত্রায় ঢাকা থেকে পাঁচ দিনে যাত্রী পরিবহন করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৭৩ জন এবং আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা।

এ বছর রেলের ঈদযাত্রা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ‘এবারের ঈদুল ফিতর উপলক্ষে শতভাগ অনলাইনে টিকেট বিক্রয়ের ফলে টিকেট ক্রয়ে ভোগান্তি কম এবং সিডিউল বিঘ্ন না ঘটায় আমি সন্তুষ্ট। দেশ এগিয়ে যাচ্ছে, তার পাশাপাশি রেল ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে।

রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প এই বছরই উদ্বোধন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘রেলওয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেল পরিচালনায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নতুন ইঞ্জিন, কোচ সংযুক্ত হচ্ছে। নতুন ডাবল লাইন করা হচ্ছে। যাত্রী সেবা বৃদ্ধির জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’

উল্লেখ্য, এবারের ঈদুল ফিতর উপলক্ষে ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হয়। ফলে যাত্রীরা ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পেরেছেন। এছাড়া বিনা টিকিটের যাত্রীদের ভ্রমণ ঠেকাতে কঠোর ছিল রেল কর্তৃপক্ষ। কমলাপুরে তিন ধাপে চেক করে স্টেশনে প্রবেশ করানো হয় যাত্রীদের। ফলে বিগত কয়েক বছরের মধ্যে এ বছর ঈদ যাত্রা ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ।

সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান প্রমুখ।

Facebook Comments Box