৬ ফেব্রুয়ারী থেকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু
এবার বেসরকারিভাবে হজের সর্বনিম্ম খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে খরচ হবে সর্বনিম্ম ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছরের তুলনায় ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেড়েছে। ৬ ফেব্রুয়ারী থেকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই হজ প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফারুক আহমদ সরদার, সহ সভাপতি আলহাজ্ব এয়াকুব আলী শরাফতী, মাওলানা ফজলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ করা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে শাহাদাত হোসাইন তসলিম বলেন, কোরবানি ছাড়া সর্বনিম্ম প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছর বেসরকারিভাবে ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

এছাড়া, প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ করতে পারবেন। এ বছর ৬৫ বা এর বেশি বয়সীরা হজে যেতে পারবেন জানিয়ে তিনি আরো বলেন, ঘোষিত প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার সর্বোচ্চ এক হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে। কোরবানির খরচ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে বলেও জানান তিনি।

হাব সভাপতি আরো বলেন, হজযাত্রীদের হজ প্যাকেজের পুরো অর্থ শুধু সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক একাউন্ট বা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে মানি রিসিট সংরক্ষণ করবেন। কোনোক্রমেই মধ্যস্বত্তভোগীদের কাছে কোনো প্রকার লেনদেন করবেন না। হজযাত্রীরা হজ প্যাকেজের পুরো অর্থ আগামী ১৫ মার্চের মধ্যে অবশ্যই নিজ নিজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা করে বা এজেন্সির অফিসে জমা দিয়ে মানি রিসিট গ্রহণ করবেন।

হাব সভাপতি বলেন, হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। পাসপোর্ট করার জন্য আবেদন করার সময় হজযাত্রীকে প্রাক-নিবন্ধনে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধনের নম্বর হুবহু লিপিবদ্ধ করতে হবে। সৌদি ভিসা লজমেন্টে জটিলতা দূর করার জন্য পূর্ণাঙ্গ নামে পাসপোর্ট করতে হবে।

পাসপোর্টের তথ্যপাতা স্ট্যাপলার পিন দিয়ে গাঁথা যাবে না বা অন্য কোনোভাবে ছিদ্র করা যাবে না। প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে। তিনি জানান, কোনো এয়ারলাইন্স এ বছর ডেডিকেটেড ফ্লাইট ছাড়া সিডিউল ফ্লাইটে কোনো হজযাত্রী বহন করতে পারবে না। প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজের মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে।

Facebook Comments Box