ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ছাড়াও আর্থিকভাবে সহায়তা করা হবে

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ছাড়াও আর্থিকভাবে সহায়তা করা হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, বঙ্গবাজার অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে করপোরেশনের নিজস্ব তহবিল হতে ২ কোটি অনুদান দেয়া হবে। গতকাল বুধবার বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্বোধনী আয়োজনে শেখ ফজলে নূর তাপস এ ঘোষণা দেন।
শেখ তাপস বলেন, এই পুনর্বাসনে সহযোগিতা ছাড়াও আমরা আর্থিকভাবে মানবিক সহায়তা দিবো। আমরা গতকাল করপোরেশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে গঠিত তহবিলে করপোরেশন নিজস্ব অর্থ হতে দুই কোটি টাকা অনুদান হিসেবে দিবো।

লক্ষ্যমাত্রা অনুযায়ী বুধবার থেকেই ক্ষতিগ্রস্তরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারছে উল্লেখ করে শেখ তাপস বলেন, “আমার (গত) রোববারে ব্যবসায়ী ও দোকান মালিক সমিতিরসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের সাথে বসেছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিলো ঈদের আগে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে করে আবার ব্যবসা শুরু করতে পারেন। তাদের পুনর্বাসন যেন করা যায়। সেই লক্ষ্য নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সোমবার ভোর থেকে কাজ আরম্ভ করেছি এবং ২৪ ঘণ্টার মধ্যেই আগুনে পুড়ে যাওয়া কয়েক হাজার মেট্রিক্স টন বর্জ্য আমরা পরিষ্কার করেছি। রাতের মধ্যে আমরা ইট বিছিয়ে দিয়েছি। এই প্রতিক‚ল অবস্থার মাঝেও আমরা স্থির করেছিলাম, লক্ষ্যমাত্রা করেছিলাম যে — ৪৮ ঘণ্টার মধ্যেই যেন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা আবার ফিরে আসতে পারে।

সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করি এবং আল্লাহর রহমতে করপোরেশনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতায় আজ সকাল থেকেই ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পেরেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box