সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর একটার দিকে উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে পারাবত ট্রেনটি কুলাউড়া অবস্থান করছে।
এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নেভানো হয়।
আন্তঃনগর পারাবত ট্রেনের থাকা যাত্রী সুখেন বলেন, আমি ট্রেনের এসি বগিতে বসেছিলাম। হঠাৎ বগিতে ধোঁয়া ছড়িয়ে পরে। আমরা সামনে এগিয়ে দেখতে পাই ট্রেনটিতে আগুন লেগে গেছে। পরে আমরা ট্রেনের দায়িত্বরত টিটিকে জানালে তিনি ট্রেনটি থামানোর উদ্যোগ নেন। ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে। অন্যান্য অক্ষত বগিগুলোকে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের শিকার হওয়া বগিগুলো থেকে আলাদা করে ফেলা হয়ে। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
কুলাউড়া স্টেশন মাস্টার মুহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনের অক্ষত বগিগুলো ইতোমধ্যে কুলাউড়া রেলওয়ে জংশনে পৌঁছেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি বগি।
রেলওয়ে পুলিশের এসআই আবু বক্কর অগ্নিকাণ্ডের বিষয়ে বলেন, হঠাৎ ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের এসি কেবিনসহ ৩টি কেবিন আগুনে পুড়ে যায়।
















