চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ অন্তত ৫০০টি গুদাম-কারখানা স্থানান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সেবা দানকারী সংস্থাগুলো সমন্বিতভাবে আইনের কঠোর পরিপালন না করলে পুরান ঢাকায় রাসায়নিক কারখানা ও গুদামে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতেই থাকবে।
বুধবার পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ঝুঁকিপূর্ণ এসব গুদাম-কারখানা চিহ্নিত করার জন্য আমাদের একটি কমিটি আছে সেই কমিটি প্রতিবেদন জমা দেবে উল্লেখ করে মেয়র আরো বলেন, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে জমা দেব। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমন্বয়ের মাধ্যমে এই কাজ করা হবে।
আমরা দীর্ঘ ২০১৮ সালের পর থেকে এখানে কোনও ট্রেড লাইসেন্স দিচ্ছিনা জানিয়ে শেখ তাপস বলেন, । তারপরেও আপনারা দেখেছেন, এখানে অবৈধভাবে, বেআইনিভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে কারখানা করেছে, রেস্তোরাঁ করেছে। এগুলো কিন্তু আসলে সবই অনিয়মতান্ত্রিক, বেআইনি। এরই মাঝে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে আমরা চিরুনি অভিযান পরিচালনা করে ১৯২৪টি রাসায়নিক গুদাম ও কারখানা চিহ্নিত করেছি এবং তা প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ডিএসসিসি মেয়র হিসেবে আমি মনে করি নদীর তীরে এত সুন্দর জায়গায় এসব স্থাপনা থাকা উচিত নয়, এটা হতে হবে পর্যটন এলাকা। এখানে এসব গুদাম, কারখানা থাকা ভালো দেখায় না। বরং এগুলো পর্যটকবান্ধব এলাকা হিসেবে রূপান্তর করা আমাদের উচিত বলে মনে করি।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন।
















