তুরস্কে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে তুরস্কে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ নিয়ে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন বলেও জানান।

শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, ওরা (তুরস্ক) বলেছে যে, এখনও তো বহু মরদেহ ভবনের নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছেন, পরবর্তীতে রিকনস্ট্রাকশন, এদের বাড়িঘর বানাবে। আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমরা লেবার দিতে পারবো। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আমাদের প্রশংসা করেছেন যে সঠিক সময়ে আমাদের লোকজন সেখানে গেছে। আর বলেছে আমাদের লোকজন (উদ্ধারকাজে সহায়তা করতে যাওয়া) আরও কিছুদিন সেখানে থাকতে পারবে কিনা। আমাদের প্রধানমন্ত্রী সেটা এক্সটেনশন করেছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের ২৫ জন শিক্ষার্থী তুরস্কে আছেন। ভূমিকম্পে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদেরকে অর্থ সহযোগিতা করা হয়েছে।

Facebook Comments Box