দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত ভোটে তিনি নির্বাচিত হন। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত করা হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। ফলে প্রায় সাড়ে তিন দশক পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সংসদেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য সংসদ সদস্য ছিলেন ৩৪৯ জন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও বিশেষ গুরুত্ব বহন করছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box