নেত্রকোনার কলমাকান্দায় হাত-পা বাঁধা ও আগুনে দগ্ধ অবস্থায় এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের নিজবাড়ির পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যবসায়ী হচ্ছেন,তেরোতোপা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মুজিবুর রহমান (৫০) ।
কলমাকান্দা থানার ওসি মোঃ আব্দুল আহাদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান,মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মুজিবুরের বাড়ী থেকে প্রায় ২০০ গজ দূরে পুকুরের পাশে জমিতে আগুন দেখতে পান এলাকাবাসী। তখন এলাকার মানুষ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় আগুনে দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের মুখ দেখে মুজিবুরের লাশ শনাক্ত করেন তার স্বজনেরা।
খবর পেয়ে থানা পুলিশ আজ বুধবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মুজিবরকে হত্যার পর হাত পা বেধেঁ তার শরীরে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো সনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে ।
সবারবাংলা/এসাআই
















