নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা পথ হারিয়েছিলাম। আমরা আবার অন্ধকারে নিমজ্জিত হয়েছিলাম। মুক্তিযুদ্ধের পর একটা ধ্বংসস্তূপের মধ্যে যখন ফিরে আসি তখন আমাদের ঘর-বাড়ি কিছুই ছিল না। আমাদের ব্যাংকে সঞ্চয় ছিল শূন্য। সেখান থেকে বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সারা পৃথিবী থেকে তিনি সাহায্য পেয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসতো।
শনিবার মগবাজারে ঢাকা মহানগর রমনা-হাতিরঝিল থানা আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রমনা-হাতিরঝিল থানা আওয়ামীলীগরে সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, রমনা ও হাতিরঝিল থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, রফিকুল ইসলাম, সহ-সভাপতি সহিদুর রহমান খান সাগর, যুগ্নসম্পাদক আমির হোসেন আমির, ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোক্তার সরদার, ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকন, ৩৫ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা নসিরুজ্জামান রুবেল, তৈয়ব আলী দিপুসহস্থানীয় নেতৃবৃন্দ।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা শুধু ব্যক্তি মুজিবুর রহমানকে হত্যা করেনি বরং তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ঘাতকরা বাঙালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিকে মুছে ফেলতে পারেনি, তেমনই মুক্তিযুদ্ধের চেতনার চিরন্তন শিখাকেও নিভিয়ে দিতে পারেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ তার আত্মপরিচয় পেতনা। তিনি বলেন, দৃঢ় চেতা নির্ভীক বঙ্গবন্ধু জানতেন মহৎ কিছু অর্জন করতে হলে মহৎ কিছু ত্যাগ করতে হয়। এ কারণেই বঙ্গবন্ধু মৃত্যুকে তুচ্ছ করে এনে দিয়েছেন বাঙালি জাতির স্বাধীনতা।
মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে ও দেশের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আগস্ট এলে এই অপশক্তি নানা অপকর্মের মধ্য দিয়ে ষড়যন্ত্রের ডাল-পালা আরও বিস্তার ঘটায়। একাত্তরের এই পরাজিত শক্তিকে প্রতিহত করতে সকলকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে সোনার মানুষ হয়ে কাজ করতে হবে।















