বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণের মালামাল চুরির অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটক ইউপি সচিব হলেন, মুছা মিয়া (৪০) ও উদ্যোক্তা নাসিম আহমেদ (৩০)। মুছা মিয়া উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামের বাসিন্দা এবং নাসিম আহমেদ উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের বাসিন্দা।
খালিয়াজুরী থানা পুলিশের পরিদর্শক (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে স্থানীয় গ্রামবাসির উপস্থিতিতে চুরিকৃত ত্রাণ সামগ্রী উদ্ধার করে থানা হেফাজতে রেখেছি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, বন্যায় দূর্গত অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারি ত্রাণের বিভিন্ন খাদ্য সামগ্রী সোমবার (২০ জুন) রাতে মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা নাসিমের তত্ত্বাবধানে মজুদ রেখে বাড়ি চলে যান চেয়ারম্যান। পরে মঙ্গলবার (২১ জুন) সকালে ইউপি চেয়ারম্যান মো. আবু হাকিম এসব ত্রাণ বিতরণের জন্য পরিষদে গেলে তিনি মালামাল কম দেথতে পান। এ সময় তার সন্দেহ হলে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠান ইউএনও।
এদিকে পুলিশ স্থানীয় বন্যাদুর্গত মানুষের উপস্থিতিতে বোয়ালী বাজারে থাকা উদ্যোক্তা নাসিমের স্টুডিওতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ত্রাণের মালামাল উদ্ধার করে এবং সচিব মুছা মিয়া ও নাসিমকে আটক করে। এ বানভাসি অসহায় মানুষ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হাকিম জানান, আমি গত রাতে ত্রাণ সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদের সচিব মুসা মিয়া ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা নাসিম আহমেদের তত্ত্বাবধানে রেখে চলে যাই। মঙ্গলবার (২১) জুন সকালে এসে ত্রাণ সামগ্রী কম দেখতে পেয়ে গণনা করলে কম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ইউএনও স্যারকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, ইউপি সচিব মুসা মিয়া ও উদ্যোক্তা নাসিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














