বুস্টার ডোজ নিলো দেড় কোটি মানুষ

১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ এবং প্রায় দেড় কোটি মানুষ ইতোমধ্যে বুস্টার ডোজ নিয়েছেন। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে কোভিড-১৯ বুস্টার ডোজ ভ্যাক্সিনেশন সপ্তাহ উদযাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম স্থান ও সারা বিশ্বের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। টিকা কার্যক্রমেও বাংলাদেশ রোল মডেল হয়েছে।

তিনি বলেন, আজ দেশে কোভিড নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক রয়েছে, অর্থনৈতিক স্বাভাবিক রয়েছে, চিকিৎসাব্যবস্থা স্বাভাবিক রয়েছে, শিক্ষাব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এ ছাড়া দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। আমরা বাংলাদেশের জনগণকে আরও ভালো রাখতে চাই।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার প্রায় ১ কোটি মানুষের মাঝে ১৬ হাজার ৯৫০টি কেন্দ্রে এ বুস্টার টিকা কার্যক্রম সপ্তাহব্যাপী শুরু হয়েছে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মানিকগঞ্জ পৌরসভা মেয়র রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ-স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box