সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, বিভিন্ন মার্কেটে বিভিন্ন চক্র বিভিন্ন সময়ে কাগজ বানিয়ে অবৈধভাবে দোকান নিয়েছে, দখল করেছে এবং তারা তাদের মতো করে নানারকম অবকাঠামো নির্মাণ করেছে। এতে যারা প্রকৃত দোকানদার বা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সিটি করপোরেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার মেয়র ব ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে পোস্তগোলা জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মেয়র এ কথা বলেন।
শেখ তাপস বলেন, দীর্ঘ প্রতীক্ষিত আমাদের পোস্তগোলা জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এক কোটি ৯ লক্ষ টাকা ব্যয় এখানে শৌচাগার, নতুন করে গ্যাস চুল্লিসহ আমরা আধুনিক শ্মশানের ব্যবস্থা করছি। সকল রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করে, চাহিদা নিরুপণ করে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আশা করছি দ্রুত এ কাজটা সম্পন্ন হবে। নির্মাণের সময় যাতে করে বিকল্প ব্যবস্থায় শ্মশানের কার্যক্রম পরিচালনা করা যায়, সেটাও আমরা নিশ্চিত করব। সকল অবৈধ দখলদার, অবৈধ দোকানদার উচ্ছেদে আমরা কার্যক্রম নিয়েছি উল্লেখ করে মেয়র বলেন, তারই ফলশ্রæতিতে নীলক্ষেতে অবৈধভাবে দীর্ঘদিনের দখলকৃত একশোর ওপরে অবৈধ দোকান আমরা উচ্ছেদ করছি। তবে কেউ যদি প্রকৃত দোকানদার থাকে তাহলে তাদের জন্য আমরা অবশ্যই বিকল্প দোকানের ব্যবস্থা করে দিব।
ডেঙ্গু নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এবার বর্ষা মৌসুম বর্ধিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে, সেপ্টেম্বরের পর থেকেই হঠাৎ করে বিভিন্ন মাত্রায় এবং থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বা ডেঙ্গু রোগের বিস্তার দেখা যাচ্ছে।
এ সময় ডেঙ্গু রোগে শিশু মৃত্যু হার কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে আরও বেশি সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।














