সব হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিস্তানের বিস্ফোরণে হতাহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীকালে ওয়ার্ড-আইসিইউতে যার যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালের ইমার্জেন্সি সিস্টেমে সব ডাক্তার-নার্সকে মেসেজ দেওয়া হয়েছে। আমরা আশপাশের সব হাসপাতাল প্রস্তুত রেখেছি। ডাক্তাররাও রেডি আছেন। এখানে সমস্যা হলে বার্ন ইউনিটেও রোগী রাখতে পারবো।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের দেখতে হাসপাতালে আসেন তিনি। দেখা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আহতদের অবস্থা জানিয়ে মন্ত্রী বলেন, মাথায় আঘাত পেয়েছে বেশি। রক্তক্ষরণ হয়েছে। কিছু লোকের পুরো থেঁতলে গেছে। বার্ন ইউনিটে সাতজন ভর্তি আছে। দু-একজনের ৮০ ভাগ পুড়ে গেছে। অনেকে ক্লিনিকে চিকিৎসা নিয়ে এখন এখানে আসছে। সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধ যন্ত্রপাতির অভাব নেই।

মন্ত্রী আরও বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনেক জানমালের ক্ষতি হয়েছে। বড় বড় ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার তদন্ত করে জানা যাবে। আমাদের এ ধরনের ঘটনা রোধ করতে সতর্কাবস্থায় থাকতে হবে। এসি থেকে হয়ে থাকলে নজরে রাখতে হবে। পাশাপাশি সহজে আগুন ধরে যায় এমন বিষয় থেকে সতর্ক থাকতে হবে। কারণ সামনে গরমকাল রয়েছে।

Facebook Comments Box