সাকিবকে নিয়ে সৃষ্ট ধোঁয়াশা দূর করলেন পাপন

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সাকিব আল হাসানের টেস্ট খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। চাপা গুঞ্জন ছিল, আগামী ৬ মাস টেস্ট খেলবেন না সাকিব।

সাকিবকে নিয়ে সৃষ্ট সেই ধোঁয়াশা দূর করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই। আফগানিস্তান সিরিজের মধ্যে সাকিবকে নিয়ে চলমান সব জল্পনার-কল্পনার অবসান ঘটালেন বিসিবি সভাপতি। সোমবার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকছেন সাকিব আল হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান-বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে পাপন বলেন, সাকিব ছুটি চেয়ে আবেদন করেছিল মূলত আইপিএল খেলতে। যেহেতু সেখানে সে দল পায়নি। তাই তার কাছে আবারও জানতে চাওয়া হয়, সে এখন খেলতে পারবে কি না। পরে সে নিশ্চিত করেছে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে।

বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে কথাও হয়েছে বলে জানালেন বিসিবিবস। সাকিবই নাকি আগ্রহী দ. আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে।

পাপন বলেন, ‘আজ দূর থেকে আমি সাকিবকে বললাম, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলে আসার পর তোমার সঙ্গে বসব। সে বলল, ‘আপনি যা বলেন।’’

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে নিয়মিত খেললেও টেস্ট ক্রিকেটের আঙিনায় সাকিব অনেকটাই অনিয়মিত। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে মাত্র ৩০ শতাংশ টেস্টে সাকিব খেলেছেন। ইনজুরি, নিষেধাজ্ঞা, আইপিএল ও ছুটিই সাকিবের টেস্টে অনুপস্থিতির কারণ।

আইপিএলে যোগ দেওয়ার পরিকল্পনায় আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। আইপিএল নিলামের আগেই তাকে একাদশে না রাখতে বিসিবিকে চিঠি দিয়েছিলেন সাকিব।

কিন্তু এবার সাকিবকে কেনেনি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি, অর্থাৎ আইপিএলের ১৫তম আসর খেলা হচ্ছে না দেশসেরা এই অলরাউন্ডারের। তাই মার্চে জাতীয় দলের সাদা জার্সি গায়ে জড়ানোটাই শ্রেয় মনে করছেন সাকিব।

 

Facebook Comments Box