সুপ্রিম কোর্ট বার নির্বাচন : ৮টা থেকে ভোট গণনা, রাতেই ফল

ভোটের প্রথম দিনের মতো ধাওয়া-পাল্টা ধাওয়া, মারপিট, ভাঙচুরের ঘটনা না ঘটলেও আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের উত্তেজনার মধ্যে পুলিশ প্রহরায় শেষ হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট।

পরিস্থিতির কারণে প্রথম দিন (বুধবার) দুই ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হলেও বৃহস্পতিবার ভোটের দ্বিতীয় দিনে ভোট শুরু হয় সকাল ১০টায়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। এ সময়ের মধ্যে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীরা দুপরে ও শেষ বিকেলে বিবাদে জড়ান। স্লোগান-বিক্ষোভে মারমুখি হয়ে মুখোমুখি হয়ে ধাক্কাধাক্কিও করেন। আইনজীবী সমিতি ভবন ঘিরে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকলেও প্রথম দিনের মতো মারমুখী হতে দেখা যায়নি তাদের।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান বলেন, এ নির্বাচনে মোট ভোটের সংখ্যা ৮ হাজার ৬০২। এর মধ্যে প্রথম দিন ভোট পড়েছে দুই হাজার ২১৭। আজকে কত ভোট পড়েছে তা এখনো গণনা হয়নি। তবে সব মিলিয়ে চার হাজারের বেশি ভোট পড়েছে বলে আমার বিশ্বাস। রাত ৮টায় ভোট গণনা শুরু হবে। রাতেই ফলাফল ঘোষণা করা হবে।

Facebook Comments Box