বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিলসহ আইন সংস্কারে ছয়টি সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংস্থা দুটি এসব সুপারিশ তুলে ধরে।
আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে বন্ধ দিবস সামনে রেখে আইন সংস্কারের হালনাগাদ তথ্য, প্রস্তাবিত পরিবর্তন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ইউএনএফপিএ এ আলোচনার আয়োজন করে। সভায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং ২০১৮ সালের বিধিমালার বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশের মেয়েদের আইনি সুরক্ষায় কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, সে বিষয়ে আলোকপাত করা হয়।
আলোচনায় ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনার তথ্য উপস্থাপন করে জানানো হয়, বিদ্যমান আইন ও বিধিমালার কিছু দুর্বলতা মেয়েদের আইনি সুরক্ষা নিশ্চিতের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। শিশু বয়সে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের এই আইনের আওতায় সরাসরি বিয়ে বাতিল করার কোনো সুযোগ নেই; বরং তাদের ব্যক্তিগত আইনগুলোর ওপর নির্ভর করতে হয়, যেখানে অনেক ক্ষেত্রে আইনি প্রতিকার সীমিত কিংবা একেবারেই অনুপস্থিত। এ ছাড়া জন্ম ও বিয়ে নিবন্ধন ব্যবস্থার দুর্বলতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং স্বল্পসংখ্যক মামলা দায়েরের মতো বাস্তবায়নজনিত সমস্যাগুলোও পর্যালোচনায় উঠে এসেছে।














