উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের নামে সড়ক হবে

মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে প্রতিটি ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের নামে সড়ক হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, সেবা প্রদানে ডিএনসিসি সবসময় মুক্তিযুদ্ধোদের অগ্রাধিকার দিয়ে থাকে। আমরা ডিএনসিসি থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। তাদের সম্মানে কর ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আয়োজননে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

সিটি কর্পোরেনের অফিসে মুক্তিযোদ্ধাদের জন্য একটি কক্ষ বরাদ্দ এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে জানিয়ে মেয়র আরো বলেন, সেবা নিতে আসলে তারা সেই কক্ষে বসবে। এছাড়াও ডিএনসিসির কবরস্থানে মুক্তিযোদ্ধাদের লাশ দাফনে কোন ফি লাগবে না। ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে উল্লেখ করে মেয়র আরও বলেন, তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। আজ উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা, উপস্থিত আছেন মুক্তিযোদ্ধাদের পবিত্র রক্তের উত্তরাধিকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। আমাদের সবাই মিলে দেশটা গড়ে তুলতে হবে। দখলের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে মেয়র বলেন, জাতির পিতা যেমন করে দেশকে ভালোবেসেছেন, মুক্তিযোদ্ধারা যেমন করে দেশকে ভালোবেসেছেন ঠিক তেমনি করে আমাদের দেশকে এবং এই শহরকে ভালোবাসতে হবে। আমরা দেখছি অনেকে খাল, মাঠ, রাস্তা ও ফুটপাত দখল করে রেখেছে। দখল-দূষণ বন্ধ করতে হবে। যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা কখনো অবৈধ দখল করতে পারে না।

সুন্দর শহর গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম মুক্তিযুদ্ধকালীন ঘটনা ও স্মৃতি তুলে ধরেন। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা।

Facebook Comments Box