.
রাজধানীর কলেজ গেট এলাকায় ৫টি ফার্মেসিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চলা অভিযানে এসব জরিমানা করা হয়।
এসময় ইসলাম ফার্মেসির মালিক বিল্লাল হোসেনকে আড়াই লাখ টাকা, অনুরাগ ফার্মেসির ম্যানেজার রাসেল তালুকদারকে এক লাখ টাকা, এসএইচ ফার্মেসির ম্যানেজার শামীম মোল্লাকে ৫০ হাজার টাকা, বাংলাদেশ ফার্মেসির মালিক আনোয়ার হোসেন সাগরকে ৩০ হাজার টাকা, নাজ ফার্মেসির ইনচার্জ নাজমুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় তার সঙ্গে ঔষধ প্রশাসন অধিদফতরের উপ-পরিদর্শক নাহিন আল আলম ও র্যাবের সদস্যরা ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, রাজধানীর কলেজ গেট এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে পাঁচটি ফার্মেসির মালিক ও ম্যানেজারকে জরিমানা করা হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।
সবারবাংলা/এসআই
















