গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কোটালীপাড়া উপজেলায় বিথিকা গাইন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার মধ্য কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিথিকা মধ্য কান্দি গ্রামের ভ্যানচালক দেবদাস গাইনের স্ত্রী।

দেবদাসের ভাতিজা সম্পদ গাইন বলেন, সকাল ১০টার দিকে আমি আমার কাকিমার (চাচি) চিৎকার শুনে তার ঘরের দিকে ছুটে যাই। এ সময় ওই ঘর থেকে এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখি। ঘরে গিয়ে আমার কাকিমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে নিয়ে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে রওনা দেই। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দেবদাস বলেন, প্রতিদিনের মতো আমি সকাল ৮টার সময় ভ্যান চালাতে বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপর আমাকে বাড়ি থেকে ফোন করলে এসে দেখি আমার স্ত্রী আর বেঁচে নেই।

কোটালীপাড়ার ভাঙ্গারহাট ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, বিথিকার মারা যাওয়ার সঠিক কারণ আমরা এখনো বের করতে পারিনি। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box