পৃথিবীর কোনো দেশেরই নির্বাচন ব্যবস্থা শতভাগ ত্রুটিমুক্ত নয় বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থার দোষত্রুটি আমরাই সংশোধন করব। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কলুষিত করার জন্য আওয়ামী লীগ নয়, বিএনপিই দায়ী। শনিবার কুমিল্লার মনোহরগন্জ্ঞ উপজেলা মাঠে সুশীল সমাজ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময় সভায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভ‚তপূর্ব উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সারাবিশ্ব যখন করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নানা ধরনের সমস্যায় জর্জরিত তখন বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে। কিন্তু বিএনপি সরকারের সাফল্য দেখেও না দেখার ভান করে সমালোচনা করে যাচ্ছে যদিও তাদের বিরোধিতা জনগণ আমলে নিচ্ছে না।
বিগত ১৫ বছর বিদ্যুৎ উৎপাদনের সফলতা বিএনপি দেখে না মন্তব্য করে তাজুল ইসলাম বলেন, তারা শতভাগ বিদ্যুৎতায়নের সুফল দেখে না, ১৫ দিনের সাময়িক সমস্যাকে পুঁজি করতে চায় বলেই এদেশের জনগণ তাদের রাজনীতিকে বর্জন করেছে।
মন্ত্রী এ সময় বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও সপ্তম নৌবহর পাঠিয়ে আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছিল কিন্তু বাঙালি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই স্বাধীনতার লাল সবুজ পতাকা অর্জন করেছে। ৭৪ সালে জাহাজভর্তি খাদ্য সাহায্য ফিরিয়ে নিয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা হয়েছিল জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমাদেরকে গনতন্ত্রের সবক শেখানোর চেষ্টা চলছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মনোহরগন্জ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, এতে সভাপতিত্ব করেন মনোহরগন্জ্ঞ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মনোহরগন্জ্ঞ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। এতে আরো বক্তব্য দেন মনোহরগন্জ্ঞ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার সোলায়মান চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এডভোকেট তানজিনা আক্তার।
















