নীলফামারীর ডোমারে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ৮মাসের অন্ত:সত্ত্বা হওয়ার ঘটনায় মোস্তাকিন ইসলাম ফরিদ(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ফরিদ উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা গ্রামের রেয়াজুল ইসলামের ছেলে।
শুক্রবার(২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার ফরিদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ মার্চ সকালে ভুক্তভোগী ছাত্রী বাড়ীর পার্শ্বে ভুট্টাক্ষেতে পাতা ছিড়তে যায়। সেখানে প্রতিবেশী মোস্তাকিন ইসলাম ফরিদ ওই ছাত্রীকে একা দেখে সুযোগ পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ওই ছাত্রী অন্ত:সত্ত্বা হয়ে পড়লেও লোকলজ্জার ভয়ে গোপন রাখে। পরিবারের লোকজন শারীরিক পরিবর্তন দেখে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায়। বিষয়টি প্রকাশের পর ফরিদ নিজ বাড়ী থেকে পালিয়ে যায়।
স্থানীয়ভাবে জানাজানির পর ওই ছাত্রীর চাচা ২১ সেপ্টেম্বর বাদী হয়ে মোস্তাকিন ইসলাম ফরিদের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে নারী শিশু ও নির্যাতন দমন আইনে আসামীর বিরুদ্ধে মামলা রুজ্জু হয়। থানা পুলিশ এসআই রেজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওইদিনেই অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ডিমলা উপজেলার মতিবাজার এলাকা হতে রাতে ফরিদকে গ্রেফতার করে। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
















