আল্লাহ শেখ হাসিনার বিচার করেছেন

আল্লাহ শেখ হাসিনার বিচার করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন। তার বিছানার অভাব ছিল না। তার সৎ সাহসের, সততার, মানবতাবোধ, স্বচ্ছতার অভাব ছিল। সুবিচার দেওয়ার অভাব থাকায় তাকে বনে-জঙ্গলে কলাপাতায় ঘুমাতে হয়েছে। গতকাল শনিবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় তিনি এ কথা বলেন। জেলা জামায়েতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ ও সাবেক ছাত্রশিবির নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়েতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়েতের আমির ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়েতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
শেখ হাসিনা সাড়ে ১৫ বছর দারুণভাবে দাপিয়ে বেড়িয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, মাঝে মধ্যে তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকেটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

জামায়াতের আমির বলেন, জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন, তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট, মিশন ও ভিশন থাকতে হবে। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত-বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, আমরা গুম-খুনের বিচার এজন্য আগে চাই ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে। সেটি নিশ্চিত করার জন্য এর বিচার হওয়া জরুরি। জামায়াত আমির বলেন, গণহত্যা ও মানবহত্যার বিচার করতে হবে। প্রতিহিংসার জন্য নয়, মানবসমাজকে কংলকমুক্ত করার জন্য আমরা এসব ঘটনার বিচার চাই।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা ৫ আগস্টের পর কোনও জলমহাল, বালুমহালসহ দেশের কোথাও চাঁদাবাজি করেনি। মামলা বাণিজ্য করেনি। যদি দলের কেউ অপরাধ করে, তবে তাকে আইনের আওতায় নিয়ে আসুন। জামায়াত আমির আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমাদের নিবন্ধন বাতিল করে। শুধু তাই নয়, নিষিদ্ধও ঘোষণা করে। কিন্তু আমরা ভেঙে পড়েনি। কারণ আমরা জানি, জামায়াতে ইসলাম সত্য ও ন্যায়ের পক্ষে চলে।

Facebook Comments Box