চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে জিয়া পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ব্রজগোপাল টাউন হলে এক আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আলম শাহ্ এর সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র আ. ন. ম. আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মো. শাহাদাৎ হোসেন সায়েদ। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জিয়া পরিষদের সদস্য, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের এবং সমাজের কল্যাণে ব্যবহার করতে হবে। তরুণ প্রজন্মের মেধা বিকাশে এমন সুন্দর আয়োজনের জন্য জিয়া পরিষদের সকল সদস্যের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে চরফ্যাশন উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি নাজিম উদ্দিন আলম।















