স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ হচ্ছে

সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হতে যাচ্ছে। আগামী ২৫ নভেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) ২০২২ সালের স্কুল ভর্তি নীতিমালা প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

এবার স্কুলে শিক্ষার্থী ভর্তিতে সারাদেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হবে। মোবাইলফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।

গত ১১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ভর্তি কমিটির এক সভায় ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে এ বছর সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি ফরম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উভয় স্তরের ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হবে। আগামী ২৫ নভেম্বর আবেদন শুরু হয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে।

জানা গেছে, সরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে।

অন্যদিকে, বেসরকারি স্কুলে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। এ বিষয়ে টেলিটকের সঙ্গে আলোচনা করে স্কুলে ভর্তির সময় নির্ধারণ করা হয়েছে।

জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (বিদ্যালয়) ও স্কুলভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন সোমবার (১৫ নভেম্বর) রাতে বলেন, ভর্তি কমিটির সভা করে আবেদন, লটারির সময় নির্ধারণ করেছে। আগামীকাল এটি চূড়ান্ত করে ২০২২ সালের সরকারি বেসরকারি স্কুল ভর্তি নীতিমালা জারি করা হবে। বিভিন্ন পত্রিকায় ও মাউশির ওয়েবসাইটে এসকল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে, করোনার কারণে আগামী বছরের ভর্তি ফরমের মূল্য কমানো হয়েছে। চলতি বছর প্রতিটি বেসরকারি স্কুলে ভর্তি ফরম ২০০ টাকা আর সরকারি স্কুলে ১৭০ টাকা ধার্য ছিল। আগামী বছর উভয়স্তরে একসঙ্গে পাঁচটি স্কুলে একসঙ্গে আবেদন করতে পারবে ১১০ টাকায়।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box