স্টাফ রিপোর্টার :
মাদক ও তামাকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে তিনি ‘মানস’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসময় মাদক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গণমাধ্যম ও চলচ্চিত্রে তামাকজাত দ্রব্যের ব্যবহার ও প্রদর্শন নিরুৎসাহিত করার প্রয়োজনের কথা উল্লেখ করেন মন্ত্রী।
সাক্ষাৎকালে ডা. অরূপ রতন চৌধুরী মাদক ও তামাকের বিস্তার রোধে ‘মানস’-এর দীর্ঘদিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। তিনি চলচ্চিত্র ও গণমাধ্যমে তামাক ও মাদকদ্রব্য প্রদর্শনের নেতিবাচক প্রভাব তুলে ধরে এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তথ্যমন্ত্রী মাদক ও তামাকবিরোধী কার্যক্রমকে আরো বেগবান করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতায় সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। এসময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।














