১৬ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে

সারা দেশেই তাপমাত্রা বেড়েই চলেছে। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়ার পূর্বাভাসে অনেক এলাকায় ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে একে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, বগুড়া, বদলগাছি, বাঘাবাড়ি, বান্দরবান, রামগতি, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, যশোর, কুমারখালিতে মৃদু তাপপ্রবাহ বসে যাচ্ছে।

অন্যদিকে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলে। মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঈশ্বরদীতে। এদিকে রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বয়ে যাচ্ছে। সে হিসেবে সেখানে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপ প্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও বাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Facebook Comments Box