ভোট না দেওয়ার ঘোষণা দিয়েও ভোট দিল ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ঘোষণা দেওয়ার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোট দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দেন। তার ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ। এরআগে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ভোট না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছিল, তা বাস্তবায়ন না হওয়ায় এই নির্বাচনে ভোট দেওয়াকে সমীচীন মনে করছে না ইসলামী আন্দোলন।

বিবৃতিতে গাজী আতাউর রহমান দাবি করেন, জুলাই সনদের ১০ নম্বর ধারায় রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। একই সঙ্গে সনদের ২৮ নম্বর ধারায় অর্থবিল ও আস্থাভোট ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রাখার বিষয়ে ঐকমত্য হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

ইসলামী আন্দোলনের মহাসচিবের অভিযোগ, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদে ঐকমত্য হওয়া ওই দুই বিষয়ের কোনোটিই বাস্তবায়ন করা হচ্ছে না। এ কারণে বর্তমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনেরও সমালোচনা করেন তিনি।
এদিকে, দলের ঘোষণার আগে ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্যের ভোট দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তাঁর ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও পরে দলীয় বিবৃতিতে নির্বাচনে অংশ না নেওয়ার অবস্থান জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর এখন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের একমাত্র সংসদ সদস্যের ভোট দেওয়ার বিষয়ে কী ব্যাখ্যা দেওয়া হয়, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Facebook Comments Box